কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানিশোধনাগারে হামলার ঘটনায় এক ভারতীয় কর্মী নিহত হয়েছেন এবং স্থাপনাটির একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হামলার জন্য ইরান-কে দায়ী করেছে কুয়েত।
সোমবার কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি পরিষেবা ভবনে হামলা চালানো হয়েছে, এতে প্রাণহানি ও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।” হামলার পরপরই জরুরি ও কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে আল জাজিরা জানিয়েছে, হামলার বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কুয়েতের দাবির উদ্ধৃতি দিয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় কুয়েতের আকাশে ১৪টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত করা হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে কয়েকটি ড্রোন একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানলে ১০ সেনা আহত হন।
এক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে কুয়েতে একাধিক হামলার ঘটনা ঘটছে। চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ইতোমধ্যে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা হিসেবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যার ফলে বিভিন্ন দেশে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বাড়ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়