থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আগামী ২১ নভেম্বর জানা যাবে—কার মাথায় উঠছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। তার আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে প্রতিযোগীদের অংশ নিতে হচ্ছে নানা মূল্যায়নে।
বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় ন্যাশনাল কস্টিউম ওয়াক, যেখানে ১২১টি দেশের প্রতিযোগী নিজেদের জাতীয় পোশাকে র্যাম্পে হাঁটেন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে মিথিলা বেছে নিয়েছেন দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিল্প—হাতে বোনা জামদানি শাড়ি। তার পোশাকের নাম দেওয়া হয়েছে “দ্য কুইন অব বেঙ্গল”।
মিথিলার এই জামদানি শাড়িতে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। শাড়ির প্রতিটি সুতায় সৃষ্টি হয়েছে অসামান্য শিল্পকলা, নিষ্ঠা ও চিরন্তন কমনীয়তা—যা তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টেও উল্লেখ করেছেন। বিশেষ শাড়িটি হাতে তৈরি; বুনতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। ডিজাইনার আফ্রিনা সাদিয়া সৈয়দা পোশাকটি নির্মাণ করেছেন নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের তাঁতিদের হাতনে।
শাড়িটির প্রধান উপাদান উন্নতমানের সুতির তন্তু এবং সুক্ষ্ম সোনালি জরি মোটিফ। জামদানির ঐতিহ্য মোগল আমলের ১৭ শতক থেকে, যা তখনকার রানী ও অভিজাতদের কাছে ছিল অত্যন্ত মূল্যবান। ২০১৩ সালে ইউনেস্কো জামদানিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
শাড়ির পাশাপাশি নজর কেড়েছে মিথিলার বিশেষভাবে নকশা করা জুয়েলারি ব্লাউজ ও গয়নাগুলোও। ব্লাউজ ও অলঙ্কারের নকশায়ও রয়েছে শাপলার স্পর্শ। এগুলোর নকশা করেছেন 6 Yards Story–এর লরা খান।
২১ নভেম্বর মিস ইউনিভার্স মঞ্চে কার মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট, এখন অপেক্ষা সেই ঘোষণা ঘিরে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়