মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর–গজারিয়া) মো. কামরুজ্জামান রতনকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদে উত্তেজনা দেখা দিয়েছে বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে। মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং কুশপুত্তলিকা দাহের মাধ্যমে প্রতিবাদ জানান।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা থেকে মহিউদ্দিনের অনুসারীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা সড়ক অবরোধ করেন এবং ব্যানার–ফেস্টুনে আগুন ধরিয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
পরে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এবং নবঘোষিত প্রার্থী মো. কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করেন। এসময় নেতাকর্মীরা রতনের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভস্থলে জেলা বিএনপির নেতা আতোয়ার হোসেন বাবুল, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহিদুল ইসলাম শহীদ, সাবেক সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব–উল–আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা ও ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেমসহ বহু নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
গতকাল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে মুন্সীগঞ্জ–৩ আসনের বিএনপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, যা ঘিরে স্থানীয় পর্যায়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়