জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে সিলেটে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং বিডিপি সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
সমাবেশকে ঘিরে সকাল থেকেই আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। বিভাগজুড়ে আট দলের নেতাকর্মীরা প্রবেশ করছেন সমাবেশস্থলে। মূল সমাবেশ শুরুর আগেই চলছে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা।
নেতাকর্মীদের মতে, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং নাগরিক অধিকারের প্রশ্নে এই সমাবেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়