সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্যা আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কর্মচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় জাহাজের ক্রুসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। যাত্রী তোলার ঠিক আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, অগ্নিকাণ্ডে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টার দিকে পর্যটক তুলতে ঘাটে ভেড়ার প্রস্তুতির সময় জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং নদীর মোহনায় জাহাজটি দাউ দাউ করে জ্বলে ওঠে। স্থানীয়রা ট্রলার ও স্পিডবোট ব্যবহার করে জাহাজের ক্রুসহ ১৫ জনকে উদ্ধার করেন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় সেন্টমার্টিনগামী পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজটিতে প্রায় ২০০ জন যাত্রী যাত্রা করার কথা থাকলেও দুর্ঘটনার পর ১২০ জনকে বিকল্প তিনটি জাহাজে পাঠানো হয়। বাকি যাত্রীরা রোববার সেন্টমার্টিন যেতে পারবেন। যাত্রীদের মধ্যে কিছু ক্ষোভও দেখা দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়