গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন সদস্যের একটি দল উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় গেলে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেলে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়।
শেষ রাতে সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। পরে পুকুর থেকে দুজনকে তুলে বিক্ষুব্ধ জনতা মারধর করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের অপর সদস্য অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়