জ্বালানি তেলের সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে সাতক্ষীরার জেলা প্রশাসন নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে হলে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়েই তেল নিতে হবে। এর বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল দেওয়া যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, তেল নেওয়ার সময় চালকের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। পাশাপাশি হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।
ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।
এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই এই ফুয়েল কার্ড ব্যবস্থাকে ভোগান্তির কারণ হিসেবে দেখছেন।