
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য।
তাৎক্ষণিকভাবে নিহত, নিখোঁজ ও উদ্ধার হওয়া পর্যটকদের পরিচয় জানা যায়নি। জীবিত উদ্ধার হওয়া পর্যটক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোলন আচার্য্য জানান, দুটি দলের সদস্যরা ওই সৈকতে গোসলে নেমেছিলেন। তাঁদের একটি দল চট্টগ্রামের বায়েজিদ এলাকার এবং অন্য দলটি ঢাকার উত্তরার বাসিন্দা।
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে সাগরে অভিযান চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।