
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এ ঘটনায় সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক।
এদিন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সাইফুর রহমান ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধান চলাকালে অভিযুক্তরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতের একটি কারাগারে আটক রয়েছেন। গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি দেশটির কারাগারে রয়েছেন।