আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় তিনি এ নির্দেশনা দেন। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর এটি ছিল এনএসডিএর গভর্নিং বডির দ্বিতীয় সভা।
সভায় প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এনএসডিএ একটি কার্যকর কাঠামো। তবে দক্ষতা সনদের জালিয়াতি ও প্রতারণার কারণে বিদেশে বাংলাদেশের শ্রমশক্তির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, যা বন্ধ করা জরুরি।
তিনি বলেন, চাকরিদাতারা যদি আস্থা হারায়, তবে দক্ষতা উন্নয়নের উদ্যোগ ব্যর্থ হবে। তাই দেশের ব্র্যান্ড ইমেজ গড়ে তুলতে হবে, যাতে বিদেশি নিয়োগকারীরা বাংলাদেশি কর্মীদের প্রতি আস্থাশীল হন।
অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অভিন্ন মানের সনদ ব্যবস্থা চালুর উদ্যোগ জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে বেসরকারি উদ্যোক্তাদের স্বচ্ছ ও কার্যকরভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
সভায় একটি সমন্বিত দক্ষতা ইকোসিস্টেম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমে অভিন্ন কারিকুলাম ও মানদণ্ড নিশ্চিত করা হবে। এছাড়া এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এনএসডিএর দীর্ঘমেয়াদি লক্ষ্য অনুমোদন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়