নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের তিন সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরবর্তীতে যৌথ অভিযানে ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বোয়ালিয়া খাল এলাকায় র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল মাদক কারবারিদের অবস্থান ও তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের সক্রিয় কেন্দ্র হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে, এলাকায় প্রবেশের কিছুক্ষণ পরই ৮ থেকে ১০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিন সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন—নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ও অন্যান্য র্যাব সদস্যরা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর মঙ্গলবার রাতে ফতুল্লার একটি বাড়িতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মাদক কারবারিদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় ১০ জনকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং আনুমানিক ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে ‘বুইট্টা মাসুদ’-এর সহযোগীরা জড়িত থাকতে পারে। ইতোমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এতে কয়েকজনকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়