সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত লেখিকা তসলিমা নাসরিন। রাজনীতি, সাহিত্য ও বিনোদন—সব ক্ষেত্রেই অকপটে মত প্রকাশ করে থাকেন তিনি। এবার কলকাতার একটি ওয়েব সিরিজ নিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন এই লেখিকা।
সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ঋত্বিক চক্রবর্তী অভিনীত ওয়েব সিরিজ ‘কর্মা কোর্মা’ দেখার পর সেটিকে ‘অখাদ্য’ বলে মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি সিরিজটি নিয়ে নিজের হতাশা ও বিরক্তির কথা প্রকাশ করেন।
পোস্টে তসলিমা লেখেন, তিনি মূলত অপর্ণা সেন ও অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার’ দেখার জন্য হইচই সাবস্ক্রিপশন নিয়েছিলেন। দীর্ঘদিন প্ল্যাটফর্মটি ব্যবহার না করলেও সম্প্রতি ‘পুতুলনাচের ইতিকথা’ দেখার জন্য আবার হইচই খুলেন। ওই সিরিজ শেষ করার পর চোখে পড়ে ঋত্বিক চক্রবর্তীর নতুন সিরিজ ‘কর্মা কোর্মা’। প্রিয় অভিনেতা হওয়ায় আগ্রহ নিয়ে সিরিজটি দেখা শুরু করেন তিনি।
তবে প্রথম পর্ব দেখেই তিনি চরম বিরক্ত হয়ে পড়েন বলে জানান। তসলিমার ভাষায়,
“সিরিজের নাম কোর্মা। প্রথম পর্ব দেখেই বিরক্ত। এত আজগুবি গল্পে কী করে ঋত্বিক অভিনয় করতে রাজি হলেন! বাঙালিরা কবে থেকে এত নিম্নমানের সিনেমা-সিরিজ বানাতে শুরু করল?”
পরিচালক প্রতিম ডি গুপ্তকে কটাক্ষ করে তিনি আরও লেখেন,
“এক এক করে কোর্মা, বিরিয়ানি, রেজালা, নিহারি—সব আমাদের খাওয়ালেন। কিন্তু কোনোটাই খাওয়ার যোগ্য নয়।”
রসিকতার ছলে তীব্র সমালোচনায় তসলিমা বলেন,
“অখাদ্য, অখাদ্য, অখাদ্য। তেলে মশলা মেশেনি, চাল ফোটেনি, মাংস সেদ্ধ হয়নি—সবই কাঁচা। এত কাঁচা হাতে সিনেমা বা সিরিজ বানানোয় হাত দেওয়াই উচিত নয়। বাংলা সংস্কৃতিকে সুস্বাদু করতে হলে পাকা হাতে সংস্কৃতি রান্না করুন।”
তসলিমা নাসরিনের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ প্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর পক্ষ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঋত্বিক চক্রবর্তী বা ‘কর্মা কোর্মা’ সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়