
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে বসতবাড়ির নিকটে অবৈধভাবে স্থাপিত একটি পোল্ট্রি ফার্মের কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. মাকসুদ শেখ।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিবেশী মো. মনির শেখ অনুমতি ও সংশ্লিষ্ট নীতিমালা উপেক্ষা করে প্রায় এক বছর আগে বসতবাড়ির মাত্র ৬ ফুট দূরত্বে একটি পোল্ট্রি ফার্ম স্থাপন করেন। ফার্ম থেকে নির্গত দুর্গন্ধ ও বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগীর দাবি, ফার্মের কারণে পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, পেটের সমস্যা ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি কোনো কার্যকর উদ্যোগ নেননি বলেও অভিযোগ করা হয়েছে।
এ অবস্থায় দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মো. মাকসুদ শেখ।
স্থানীয়দের দাবি, বিষয়টির দ্রুত সমাধান না হলে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।