ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই এ মামলার বিচার শেষ করা হবে।
এর আগে, শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে একটি ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করা জরুরি। প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নেওয়া উচিত। তিনি আরও বলেন, কোনো তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ নয়, ইনকিলাব মঞ্চ প্রকাশ্য ও স্বচ্ছ বিচার চায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়