চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক-এর দুর্গম পাহাড়ি এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
শিশুটির মামা মো. নাজিম উদ্দিন জানান, ভোর সাড়ে চারটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে ইকোপার্কের সহস্রধারা ঝরনা এলাকা থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে পাহাড়ের নির্জন পথে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা। তারা দ্রুত উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির গলায় ও হাতে গভীর ক্ষত ছিল। সোমবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, তার গলায় অস্ত্রোপচার করা হয় এবং ওসিসি সেন্টারে রাখা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে এবং ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, শিশুটির বাড়ি কুমিরার মছজিদদা এলাকায়। এত দূরের দুর্গম এলাকায় সে কীভাবে পৌঁছাল এবং ঘটনার পেছনে কারা জড়িত—তা উদঘাটনে পুলিশ কাজ করছে।
শিশুটির স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়