
বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এখন থেকেই কাজ করতে হবে। শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি জড়িত। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না; শিক্ষা মানুষের চিন্তাশক্তির বিকাশ ঘটায় এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। মানবিক কল্যাণে কী করা প্রয়োজন, শিক্ষার মাধ্যমে সেটিও জানা যায়।
তিনি বলেন, নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই শিক্ষার পাশাপাশি চরিত্র ও নৈতিকতার ওপর গুরুত্ব দিতে হবে। স্কাউটের সঙ্গে যুক্তদেরও শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
তরুণদের রাজনীতির পাশাপাশি সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, বর্তমানে মাদকের বিস্তার বেড়েছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করাই এখন গুরুত্বপূর্ণ বিষয়।
অনুষ্ঠানে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।