
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মিনা বাজারের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম।
তিনি জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলটি ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার সীমানার কাছাকাছি হওয়ায় দুই থানা এলাকায় পুলিশ কাজ করছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।
এদিকে একটি সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য সেখানে জড়ো হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন। তবে এ দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।