পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তেলাপোকার উপদ্রব, ভোগান্তিতে রোগীরা
রাসেদুল, বরিশাল প্রতিনিধি
প্রকাশিত:
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে তেলাপোকার ব্যাপক উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর, রোগীদের শয্যা এবং খাবার রাখার স্থানজুড়ে তেলাপোকার উপস্থিতির অভিযোগ উঠেছে।
রোগী ও হাসপাতাল সূত্র জানায়, গত প্রায় ১৫ দিন ধরে তেলাপোকার উপদ্রব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বিভিন্ন ওয়ার্ডের বেডে এদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। এতে রোগীদের স্বাভাবিকভাবে থাকা ও চিকিৎসা নেওয়া কঠিন হয়ে পড়েছে।
রোগীদের অভিযোগ, রাতে ঘুমানোর সময় তেলাপোকা শরীর ও মুখের ওপর উঠে আসে। অনেক সময় খাবারের মধ্যেও তেলাপোকা কিংবা তাদের বিষ্ঠা পাওয়া যাচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তাদের দাবি, নিয়মিত কীটনাশক প্রয়োগ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শিশু ওয়ার্ডে ভর্তি চার বছর বয়সী সায়েম হোসেনের মা রাবেয়া আক্তার বলেন, কয়েক মাস আগেও হাসপাতালে তেলাপোকা ছিল, তবে এখন এর সংখ্যা অনেক বেড়েছে। সন্তানকে তেলাপোকার হাত থেকে রক্ষা করতে রাতে জেগে থাকতে হচ্ছে বলে জানান তিনি।
একই ওয়ার্ডে ভর্তি আরেক শিশুর বাবা ইয়াসিন বলেন, বিছানার তোশক উঠালেই অসংখ্য তেলাপোকা দেখা যায়। খাবারের মধ্যেও তেলাপোকার বিষ্ঠা পাওয়ায় তিনি খাবার খেতে পারেননি বলেও অভিযোগ করেন।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, সম্প্রতি হাসপাতালে তেলাপোকার উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। এগুলো দমনে নিয়মিত কীটনাশক স্প্রে ও ন্যাফথালিন ব্যবহার করা হচ্ছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, স্থায়ীভাবে সমস্যার সমাধানে ওয়ার্ডগুলো সাময়িকভাবে খালি করে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং কার্যকর কীটনাশক প্রয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, সেটিও বিবেচনা করা হচ্ছে।