
মেহেরপুরের গাংনীতে মাইন সদৃশ একাধিক বস্তু পড়ে থাকার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়কারী বা ডিজপোজাল ইউনিট। এতে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামের কালু মালিথার একটি পরিত্যক্ত জমিতে মাইন সদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল কর্ডন করে রেখেছেন এবং সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।
ঘটনাস্থলে অন্তত ১০টি চাটকি সদৃশ বস্তু দেখা গেছে। এর মধ্যে কয়েকটি বক্সে ‘MPI 1967 MINE A/PERS ND P2 MK2’ লেখা রয়েছে। এসব লেখা দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হলেও বস্তুগুলো আসলে মাইন, বোমা নাকি অন্য কোনো ধরনের সামগ্রী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো এলাকা নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।
তবে সম্ভাব্য বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। বস্তুগুলোর প্রকৃতি নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাটি নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মূর্শেদ বলেন, ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কর্ডন করে রেখেছেন। ঢাকা থেকে বোমা ডিজপোজাল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ইউনিটটি ঠিক কখন ঘটনাস্থলে পৌঁছাবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাতে পারেননি তিনি।
পুলিশ বলছে, বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা শেষ না করা পর্যন্ত উদ্ধার হওয়া বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এদিকে সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।