
নেত্রকোণার পূর্বধলায় বিএনপির সাবেক বর্ষীয়ান নেতা ও শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির পরিচিত ব্যক্তিত্ব মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা অংশ নেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও সাবেক সহসভাপতি, নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ আবু তাহের তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির।
অনুষ্ঠানে বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ আসাদুজ্জামান (রতন), উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম ফকির হারুন আল হেলালের রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার আদর্শ, নিষ্ঠা ও ত্যাগ আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ফকির হারুন আল হেলাল নেত্রকোণা জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও সদস্য, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মজিবর রহমান মণ্ডল।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।