কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫৯ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চল্লিশপাড়া, মহিষকুন্ডি, ধর্মদাহ ও শেওড়াতলা বিওপির টহল দল বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯,৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯,৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৯ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
এদিকে গাঁজা চাষের অভিযোগে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের মো. নাহারুল ফকির (৫৫)-কে পলাতক আসামি দেখিয়ে দৌলতপুর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য মাদক ধ্বংসের জন্য বিজিবির সিজার স্টোরে জমা রাখা হয়েছে।







