
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পাসপোর্ট অফিস সড়কের একই এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাসপোর্ট অফিস সড়কে দুই পক্ষের সংঘর্ষে রাব্বি গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বি মাসকান্দা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের লোকজন রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে রাব্বিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বির স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে একই এলাকার ফজলুল হক, সাব্বির ও লিটনসহ একটি পক্ষের লোকজন হত্যাকাণ্ডে জড়িত। এ অভিযোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বির পক্ষের বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেন বলে জানা গেছে।
আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।