1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা দল। ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় আশাশুনি।

রোববার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

খেলার প্রথমার্ধের ৯ মিনিটে আশাশুনি উপজেলা দলের ৯ নম্বর জার্সিধারী সজীব গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোলের পর আক্রমণের ধার বাড়ায় আশাশুনি। অন্যদিকে গোল পরিশোধে মরিয়া হয়ে পাল্টা আক্রমণে খেলতে থাকে কালিগঞ্জ।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আশাশুনি উপজেলা দল।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে আক্রমণ বাড়ায় কালিগঞ্জ। ম্যাচের ৫৫ মিনিটে কালিগঞ্জের বিদেশি খেলোয়াড় গোলের ভালো সুযোগ পেলেও আশাশুনির গোলরক্ষক জি কে শান্ত দক্ষতার সঙ্গে তা প্রতিহত করেন।

ম্যাচের ৮৫ মিনিটে কালিগঞ্জ উপজেলা দলের ১০ নম্বর জার্সিধারী আল আমিন গোল করে দলকে ১-১ সমতায় ফেরান। এরপর ৮৮ মিনিটে আশাশুনির সজীবের শট কালিগঞ্জের গোলরক্ষক নাঈম রুখে দিলে নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল পাঁচটি শটের সবকটিতেই গোল করে। বিপরীতে কালিগঞ্জ তিনটি শটে গোল করতে সক্ষম হয়। এতে ৫-৩ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় আশাশুনি উপজেলা দল।

ফাইনালকে ঘিরে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। রৌদ্রোজ্জ্বল বিকেলে পুরো স্টেডিয়াম পরিণত হয় দর্শকে পরিপূর্ণ এক ক্রীড়া উৎসবে। উভয় দলের সমর্থকদের করতালি ও মুহুর্মুহু উল্লাসে পুরো ম্যাচজুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ।

ম্যাচের মধ্যবিরতিতে দর্শকদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি।

ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান। সহকারী রেফারি ছিলেন নাসির উদ্দীন ও জাহাঙ্গীর কবির। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান এবং ম্যাচ কমিশনার ছিলেন আতাউর রহমান। মাঠে ধারাভাষ্য দেন ওলিউর রহমান, ইসমাইল হোসেন মিলন ও আশরাফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page