
উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকার সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশ জানায়, সকাল ৯টা ৮ মিনিটে মন্ত্রীর পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িটি সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।
ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে এবং প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।
পুলিশের আরেক কর্মকর্তা জানান, মন্ত্রীর গাড়ি যখন উল্টো পথে যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।
এক ট্রাফিক কর্মকর্তা দাবি করেন, দেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা করা হয়েছে। তার ভাষ্য, অতীতে যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এলেও এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির ছিল না।
মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানার বিষয়টি বৃহস্পতিবার সচিবালয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে চলছেন এবং যানজটের মধ্যেও তার গাড়িবহর ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছে। এ অবস্থায় মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টো পথে চলার ঘটনায় মামলা হওয়া শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।