
দীর্ঘদিন ধরে খানাখন্দ ও দুর্ভোগে থাকা বন্দর মহাল খান বাজার-মোহছেন আউলিয়া সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সহযোগিতায় সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করতে কাজ শুরু হয়েছে।
স্থানীয়দের দাবি, সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়ক সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের দিকনির্দেশনা এবং বৈরাগ ইউনিয়নের ইকবাল হায়দার চৌধুরীর প্রচেষ্টার কথা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্প্রতি ব্যবসা প্রতিষ্ঠান ‘তাহের অ্যান্ড ব্রাদার্স’-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল বশরের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সড়কটি সংস্কারের বিষয়ে আলোচনা হয়। ইকবাল হায়দার চৌধুরীর উদ্যোগের পর প্রতিষ্ঠানটি সংস্কার কাজে সহযোগিতার সিদ্ধান্ত নেয়। পরে বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে জানানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ পরিচালনার অনুমতি দেয়।
অনুমতি পাওয়ার পর উপজেলা যুবদলের সদস্য মো. শাহজাহান তাহের অ্যান্ড ব্রাদার্সের প্রকৌশলী মুন্নার সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংস্কারকাজে পে-লোডার, ডাম্প ট্রাক ও রোলার ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
এদিকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরীর অনুরোধে এক গাড়ি কংক্রিট দেওয়া হয়েছে। ফরিদ উদ্দিন চৌধুরী নিজস্ব অর্থায়নে আরও দুই গাড়ি বালি সরবরাহ করেন। উপজেলা যুবদলের সদস্য মো. শাহজাহান ব্যক্তিগত উদ্যোগে আরও এক গাড়ি কংক্রিট সংস্কারকাজে দেন।
কাজের অগ্রগতি তদারকিতে উপস্থিত ছিলেন যুবদলের সদস্য আলী হোসেন, মো. শাহজাহান, আব্দুর রহিম, সাবেক যুবদল নেতা আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমন শাহ, বৈরাগ ইউনিয়ন যুবদল নেতা আবু বক্কর এবং বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জহির।
সড়ক সংস্কারের এ উদ্যোগে সহযোগিতার জন্য স্থানীয় সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সংস্কারকাজ শেষ হলে সড়কটি দিয়ে চলাচলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।