1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

আজ শুভ জন্মাষ্টমী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সনাতন হিন্দু সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ও ধর্মীয় উৎসব ‘শুভ জন্মাষ্টমী’ আজ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে দিনটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি।

সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে মথুরায় আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। অত্যাচারী রাজা কংসের শাসনে যখন সাধারণ মানুষ ও সাধু-সন্ন্যাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তখন অধর্মের বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে বলে বিশ্বাস করা হয়।

কংসের মৃত্যুভীতি ও অত্যাচারের কাহিনি জন্মাষ্টমীর সঙ্গে গভীরভাবে জড়িত। দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে হত্যা করবেন—এমন দৈববাণীর পর দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দি করেন কংস। সেখানে অষ্টম সন্তান হিসেবে শ্রীকৃষ্ণের জন্ম হলে অলৌকিক নির্দেশে বাসুদেব তাকে যমুনা পাড়ি দিয়ে গোকুলে নন্দরাজ ও যশোদার কাছে রেখে আসেন।

শৈশবে গোপাল রূপে নানা লীলার মাধ্যমে পরিচিত হলেও পরবর্তীতে কংসবধের মধ্য দিয়ে অত্যাচারী শক্তির বিরুদ্ধে বিজয় প্রতিষ্ঠা করেন শ্রীকৃষ্ণ। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি হিসেবে তিনি ‘শ্রীমদ্ভগবদ্গীতা’র মাধ্যমে মানবজাতিকে ধর্ম, ন্যায়, কর্তব্য ও নিষ্কাম কর্মের শিক্ষা দেন।

জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার মঠ, মন্দির ও পূজামণ্ডপে শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, কীর্তন, আরতি, গীতাযজ্ঞ, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দিরসংলগ্ন পলাশীর মোড় থেকে কেন্দ্রীয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। শোভাযাত্রাটি পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। রাতে অনুষ্ঠিত হবে বিশেষ শ্রীকৃষ্ণ পূজা।

শ্রীকৃষ্ণের প্রেম, ভক্তি, নিষ্কাম কর্ম এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা আজও কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর জীবনদর্শনের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে সেই শুভ জন্মাষ্টমী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page