
আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি দলটিকে ‘মাফিয়া গ্যাং’ হিসেবেও আখ্যায়িত করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং। আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, কেউ কেউ এ নিয়ে আলাপ করার চেষ্টা করেন।’
তিনি বলেন, ‘বাধনের সঙ্গে যা হয়েছে, তাতে আবার ভাবতে হবে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না।’
আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যা যা ঘটিয়েছে, তার পরে ন্যূনতম দুঃখবোধ থাকলে কিংবা রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা থাকলে এ সহিংসতাগুলো করা হতো না।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে আসতে হবে, তাকে ধরে নিয়ে আসতে চাই। তিনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার এখন আপিল করারও সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সংবেদনশীলতার বিষয়টি ভারতকে বুঝতে হবে।