মো. সাহাবুদ্দিন বলেছেন, সামরিক বাহিনীর সহায়তা ছাড়াই সাধারণ মানুষের গড়ে তোলা পাবনার প্রতিরোধ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব-এর স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে বাল্যবন্ধু, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি জানান, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের পর পাবনার সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত টানা যুদ্ধের মাধ্যমে প্রশিক্ষিত ও আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীকে পরাস্ত করে পাবনাকে মুক্ত করা হয়। এরপর ৯ এপ্রিল পর্যন্ত এলাকা মুক্ত রাখা হয়, যা স্থানীয়দের অসীম সাহসিকতার প্রমাণ।
এ সময় তিনি রফিকুল ইসলাম বকুল, শহীদ নূর, বেবী ইসলাম, রবিউল ইসলাম, অঞ্জন চৌধুরী পিন্টু ও হাবিবুর রহমান হাবিবসহ সহযোদ্ধাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জহুরুল ইসলাম বিশু, রবিউল ইসলাম রবি, অঞ্জন চৌধুরী পিন্টু, অধ্যক্ষ শিবজিত নাগ, মোক্তার হোসেন, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলামসহ অনেকে।
এর আগে রাষ্ট্রপতিকে প্রেসক্লাবে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠান শেষে তিনি পাবনা সার্কিট হাউসে যান। সোমবার (৩০ মার্চ) পারিবারিক কর্মসূচি শেষে ৩১ মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়