
খুলনার রূপসায় ফখরুল শেখ (৩৫) নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। নিহতের পরিবারের সদস্যরা বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ফখরুলের ভাই ফরহাদ ও শরিফুল রূপসা ব্রিকস পরিচালনা করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ইটভাটা ও মাছের ঘের দেখাশোনার জন্য সেখানে যান ফখরুল।
এর আগে বিকেলে ইটভাটার নাইট গার্ড তৈয়বের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ ঘটনার পর তৈয়ব রাতে দায়িত্ব পালন করতে যাননি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে ঢুকে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে ফখরুলকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
নিহত ফখরুলের ভাইসহ পরিবারের সদস্যরা বিএনপি-যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলেও জানান তিনি।