1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত এ সপ্তাহে, প্রস্তুতি নিচ্ছে ইসি

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রায় ১৯ মাস ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই চলছে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। এতে নাগরিকসেবা অনেকটাই স্থবির হয়ে পড়ায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোন স্তরের নির্বাচন আগে হবে—এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, ঈদের ছুটির কারণে কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। রোববার থেকে পুরোদমে কাজ শুরু হলে চলতি সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইউপি, সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভা—কোনটির নির্বাচন আগে হবে, তা কমিশনে আলোচনা করে নির্ধারণ করা হবে।

এর আগে ২০২৪ সালের ১৯ আগস্ট অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে। পরে আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেন ডা. শাহাদত হোসেন। বাকি সিটিগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। একইভাবে ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদেরও অপসারণ করা হয়। ফলে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধিশূন্য রয়েছে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছরের মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নতুন করে প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই; দ্রুত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, কোরবানির ঈদের আগে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভা নির্বাচন সম্পন্ন করা হবে। তবে আবহাওয়া ও সময়ের কারণে সব নির্বাচন এক বছরের মধ্যে শেষ করা সম্ভব নাও হতে পারে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয়ভাবে হবে, সে সিদ্ধান্তের জন্য সংসদের দিকে তাকিয়ে আছে ইসি। কারণ সাম্প্রতিক অধ্যাদেশে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন বাতিল করা হয়েছে, যা সংসদে পাস হলে পরবর্তী বিধিমালা চূড়ান্ত করবে কমিশন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!