
নেত্রকোনার পূর্বধলা থানায় যোগদানের পর থেকেই মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চোরাচালান, সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
শুক্রবার (৭ আগস্ট) উপজেলার খলিশাউর ইউনিয়নের ফাজিলপুর বাজার মসজিদে জুমার নামাজের খুতবার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মাদক, জুয়া, সন্ত্রাস, চোরাচালান, বাল্যবিবাহ ও চুরি প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন ওসি আবদুল্লাহ আল মামুন।
এ সময় তিনি অপরাধ দমনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আল ইমরানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, পূর্বে যেসব থানায় দায়িত্ব পালন করেছেন, সেখানেও এসব অপরাধ দমনে কাজ করেছেন। পূর্বধলা থানার দায়িত্ব পালনকালেও অপরাধ নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ওসি বলেন, অপরাধীরা যতই প্রভাবশালী হোক, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে কাজ করার কথাও জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও মামলার তদন্তে ভূমিকা রাখায় ২০২৬ সালের জুন মাসের মূল্যায়নে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে ওসি আবদুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে।
মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ২০২৬ সালের ২৮ এপ্রিল পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন।