
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী (কলেজ বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭) ও মাইক্রোবাসের চালক মুন্না (৪০)। নিহত অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে যাচ্ছিল। শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু ফেরদৌস ও মিপতা নিহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।