রাঙ্গামাটি শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশের চিরুনি অভিযানে মো. আরিফুল ইসলাম প্রকাশ কালু (৩২) গ্রেফতার হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) রাতে শহরের দক্ষিণ কালিন্দপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে ৭ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় বিশেষ অভিযান শুরু হয়। রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত ডিবি পুলিশের একটি চৌকস দল রাঙ্গামাটি সদর এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১.৩০ ঘটিকায় রাঙ্গামাটি পৌরসভার ০৬নং ওয়ার্ডের দক্ষিণ কালিন্দপুর ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নিয়ে সন্দেহভাজন কালুকে আটক করা হয়। তল্লাশির সময় তার নিকট থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত কালু রাঙ্গামাটি কোতোয়ালী থানার ০৯নং ওয়ার্ডের হাসপাতাল এলাকার মৃত আব্দুল শুক্কুর মাঝির ছেলে। পুলিশ জানিয়েছে, সে পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে রাঙ্গামাটির বিভিন্ন থানায় ইতিপূর্বে ৬টি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
অভিযান চলাকালীন ডিবি কর্মকর্তারা মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। স্থানীয়রা পুলিশের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
রাঙ্গামাটি জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ধরণের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়