
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে সদর উপজেলা একাদশকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কালিগঞ্জ উপজেলা দল।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।
খেলার প্রথমার্ধে সদর উপজেলা একাদশ ও কালিগঞ্জ উপজেলা দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। প্রথমার্ধের শেষ দিকে সদর উপজেলা দলের বিদেশি খেলোয়াড় বুয়েটিংকে অবৈধভাবে বাধা দেওয়ায় ডি-বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিক পায় সদর। বুয়েটিংয়ের নেওয়া ফ্রি-কিকটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন কালিগঞ্জের গোলরক্ষক নাঈম। এরপরও বেশ কয়েকটি আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনো দল। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মুষলধারে বৃষ্টি নামে। অতিবৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়লে ম্যাচ কমিশনার আতাউর রহমানের নির্দেশে রেফারি আবু সুফিয়ান খেলা সাময়িকভাবে বন্ধ রাখেন।
বৃষ্টি থামার পর মাঠের পরিস্থিতি বিবেচনায় টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি করা হয়।
টাইব্রেকারে সদর উপজেলা একাদশের হয়ে প্রথম শট নেন বিদেশি খেলোয়াড় বিল্লাল। তার শট গোলবারে লেগে ফিরে আসে। এরপর শারাফাত, বুটেন ও শাহিন শট নেন। তাদের মধ্যে বুটেন ও শাহিন গোল করতে সক্ষম হন।
অন্যদিকে কালিগঞ্জ উপজেলা দলের হয়ে নেইমার আব্দুল, আল আমিন, দাউদা ও ইমরুল টাইব্রেকারে শট নিয়ে সবাই গোল করেন। ফলে ৪-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে কালিগঞ্জ।
এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল কালিগঞ্জ উপজেলা দল। আগামীকাল রোববার (২৩ আগস্ট) দ্বিতীয় সেমিফাইনালে শ্যামনগর উপজেলা দল ও আশাশুনি উপজেলা দল মুখোমুখি হবে। ওই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে ফাইনালে খেলবে কালিগঞ্জ।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান। সহকারী রেফারি ছিলেন রাহুল সরকার ও জাহাঙ্গীর কবির। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান। ম্যাচ কমিশনার ছিলেন আতাউর রহমান।
মাঠে ধারাভাষ্য দেন ওলিউর রহমান, ইসমাইল হোসেন মিলন ও আশরাফ হোসেন।
ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কালিগঞ্জ উপজেলা দলের গোলরক্ষক নাঈমকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। পুরো ম্যাচে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে গোল হজম থেকে রক্ষা করেন।
আগামীকালের দ্বিতীয় সেমিফাইনাল:
শ্যামনগর উপজেলা বনাম আশাশুনি উপজেলা দল।