অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি লকার খুলে ৮৩২.৫ ভরি স্বর্ণ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। এনবিআর ও আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আদালতের অনুমতি নিয়ে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুদকের একটি যৌথ দল লকারগুলো খোলে। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫৩ নম্বর (চাবি নং ২০০) এবং ৭৫১ নম্বর (চাবি নং ১৯৬) লকার দুটি গত ১৭ সেপ্টেম্বর সিআইসি জব্দ করেছিল। এর আগে ১০ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক সেনা কল্যাণ ভবন শাখায় শেখ হাসিনার ১২৮ নম্বর লকারও জব্দ করা হয়।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয় এবং আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও থাকে। ফেরারি হওয়ায় তাদের সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্তের অংশ হিসেবে জব্দকৃত লকারগুলো খোলা হচ্ছে বলে এনবিআর জানায়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। সেই তদন্তের অংশ হিসেবে সিআইসি বিভিন্ন ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়