পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডেরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই পুলিশের এক নম্বর এজেন্ডা। তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে হলে আইনশৃঙ্খলা রক্ষা জরুরি, আর এতে পুলিশের ভূমিকা প্রধান। অন্যান্য বাহিনী সহযোগিতা করলেও মূল দায়িত্ব পুলিশের ওপরই বর্তায়।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। আইজিপি বলেন, মাদকের কারণে তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই মাদক নির্মূল করা পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য।
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়