রাঙ্গামাটি শহরের কালিন্দীপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কালিন্দীপুর রোড সংলগ্ন নিউমার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম-এর নির্দেশনায় জেলায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল কালিন্দীপুর নিউমার্কেটের পেছনে অভিযান চালায়।
অভিযানকালে নোমান নামে এক নকশা মিস্ত্রির দোকানের সামনে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৫ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জীবন মিয়া (২৪), নুর নবী (৩৮), এরশাদ (৩৫), শক্কুর (৪৫) ও বাবর (৪০)।
ঘটনাস্থল থেকে তাসসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়