1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

আজ শপথ নিচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ রোববার (২৮ ডিসেম্বর) শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তার বাবা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে মাস্টার্স সম্পন্ন করেন।

তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

দীর্ঘ সময় হাই কোর্টে দায়িত্ব পালন করলেও আওয়ামী লীগ সরকারের আমলে তাকে আপিল বিভাগে নেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনকারীদের দাবির মুখে ১০ আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন।

ওইদিনই হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দুই দিন পর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ চারজন বিচারককে হাই কোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয় এবং ১৩ আগস্ট তারা শপথ নেন।

বয়সসীমা অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৮ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে পারবেন।

বর্তমানে আপিল বিভাগে তার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!