
মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, মাদকাসক্ত ব্যক্তি কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের কোনোভাবেই সামাজিকভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়া উচিত নয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল অডিটোরিয়ামে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন সচিব বলেন, মাদক ও কিশোর অপরাধ শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি পরিবার ও সমাজের জন্যও বড় চ্যালেঞ্জ। তাই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রমে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, মাদকের কারণে একজন মানুষের জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি এর নেতিবাচক প্রভাব পুরো পরিবারের ওপর পড়ে। একইভাবে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগের কারণ।
কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, সন্তানদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়মিত সময় কাটাতে হবে। তাদের বন্ধু-বান্ধব, চলাফেরা ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ রাখতে হবে। পাশাপাশি ছোটবেলা থেকেই সন্তানদের নৈতিকতা, মানবিকতা ও শৃঙ্খলার শিক্ষা দিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত কাউন্সেলিং ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জনপ্রশাসন সচিব বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল অর্জন নয়, নিজেদের সৎ, মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে নিজেদের দূরে রাখতে হবে।
তিনি আরও বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা সম্ভব।
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।