মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক কূটনীতিতে বড় অগ্রগতি দেখা গেছে। ইরান ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয়টি দেশের জাহাজে কোনো ধরনের হামলা করা হবে না।
বাংলাদেশ ছাড়াও এ তালিকায় রয়েছে ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক। ইরান সরকার জানিয়েছে, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধুপ্রতীম এসব দেশের জাহাজের জন্য উন্মুক্ত থাকবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়।” তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী তেল ও গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়।
রয়টার্সের বরাতে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক জানায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু দেশের জন্য এই পথে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
আব্বাস আরাগচি আরও বলেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের জাহাজ ইতোমধ্যে এই পথে চলাচল করেছে এবং অন্যান্য দেশের মতো বাংলাদেশও তালিকায় রয়েছে। এসব দেশ ইরানের সঙ্গে যোগাযোগ রেখে সমন্বয় করছে বলেও জানান তিনি। যুদ্ধ শেষে ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর জাহাজের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আরাগচি বলেন, “আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। এই অঞ্চল একটি যুদ্ধক্ষেত্র, তাই শত্রু ও তাদের সহযোগীদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কোনো কারণ নেই।”
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান চুক্তিতে আগ্রহী—এমন দাবিও নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে কিছু প্রস্তাব পেলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই।