মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটিতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে।
সূত্র জানায়, পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। উভয় পক্ষ রাজি হলে ইসলামাবাদ সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে “খুব ভালো ও ফলপ্রসূ” আলোচনা হয়েছে এবং ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে ইরান এই দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা শুধু “বন্ধুত্বপূর্ণ দেশগুলোর” মাধ্যমে বার্তা পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের মধ্য দিয়ে সংঘাত এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এতে বিমান হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে বহু হতাহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি বৈশ্বিক তেলের বাজার ও বিমান চলাচলেও অস্থিরতা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ১৫ দফা প্রস্তাব কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করলেও এর বাস্তবায়ন নির্ভর করছে ইরানের সম্মতি, ইসরায়েলের অবস্থান এবং চলমান সামরিক পরিস্থিতির ওপর।
সূত্র: আনাদোলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়