আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিল হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর দলিল। এটি বাস্তবায়নের ক্ষমতা সংসদের রয়েছে এবং কীভাবে তা কার্যকর হবে, সেটিও সনদের মধ্যেই উল্লেখ আছে। তাই গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে—এমন দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন, যা সনদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, দলটি জুলাই সনদকে হৃদয়ে ও চেতনায় ধারণ করে এবং এটিকে দেশের মানুষের মুক্তির সনদ হিসেবে মনে করে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে এই সনদ রচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া ১৯৭২ সালের সংবিধান প্রসঙ্গে মন্ত্রী বলেন, জুলাই সনদ ওই সংবিধানেরই অংশ হতে যাচ্ছে এবং সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।