রাজধানীর লালবাগ এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পথচারী মো. হোসেন জানান, বিডিআর ২ নম্বর গেট নয়াপল্টন গলির একটি চারতলা ভবনের ছাদ থেকে ওই যুবক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহত অবস্থায় যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি এবং তার নাম-পরিচয়ও জানা সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকরা যুবককে মৃত ঘোষণা করার পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে। কীভাবে তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেলেন, তা নিশ্চিত হতে তদন্ত করা হবে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে