
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়ক দখলমুক্ত করা এবং যানজট নিরসনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানে মহাসড়কের ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেকু দিয়ে অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে সড়কের পাশে যান চলাচল ও পথচারীদের চলাচলে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল, তা দূর করার উদ্যোগ নেওয়া হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহযোগিতা করেন।
অভিযানে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের আগে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনার পর কয়েকজন ব্যবসায়ী নিজেরাই তাঁদের দোকানপাট সরিয়ে নেন। পরে যেসব স্থাপনা অপসারণ করা হয়নি, সেগুলো উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক জানান, মহাসড়ক দখলমুক্ত রাখা ও যানজট নিরসনে প্রশাসনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। উচ্ছেদের পর আবারও যাতে সড়ক দখল না হয়, সে জন্য স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নজরদারির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে মহাসড়কে ডিভাইডার স্থাপনের মাধ্যমে যান চলাচল আরও সুশৃঙ্খল করার পরিকল্পনা রয়েছে।