
নেত্রকোণা সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে বিস্ফোরণের মতো শব্দের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ে থাকা দুটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক শাখার নৈশপ্রহরী আইন উদ্দীন সাংবাদিকদের জানান, ভোরে নামাজ পড়ার সময় তিনি বোমা বিস্ফোরণের মতো একটি শব্দ শুনতে পান। পরে কার্যালয়ে গিয়ে একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। এরপর দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
শাখাটির ক্ষুদ্র ঋণ প্রবাহ কর্মকর্তা রঞ্জন কুমার কুণ্ডু বলেন, ভোররাতে নৈশপ্রহরীর কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
ঘটনার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যাংক শাখাটি পরিদর্শন করেন।
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, ঘটনাটি তদন্তাধীন। আগুন কীভাবে লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।