
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিবছর বিভিন্ন বয়সী মানুষ অসুস্থ হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন। আক্রান্ত ব্যক্তির স্বজনদের কষ্ট উপলব্ধি করে সবাইকে সম্মিলিতভাবে এ রোগ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ একসঙ্গে বিভিন্ন জাতীয় সংকট ও আন্দোলনে অংশ নিয়ে সফলতা অর্জন করেছে। একইভাবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য দায়িত্ব পালন করলে ডেঙ্গুর মতো সমস্যাও মোকাবিলা করা সম্ভব।
তারেক রহমান জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন। গত প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঘরের আনাচকানাচ, রাস্তাঘাট ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে। তাই মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি হলো মশার জন্মস্থল নির্মূল করা। এ জন্য ঘরবাড়ি, আশপাশের পরিবেশ ও চলাচলের পথে যেখানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে।
প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবার যেন সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে নিজেদের ঘরবাড়ি, আশপাশ এবং চলাচলের পথ পরিষ্কার রাখেন। এতে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে।
তিনি বলেন, সরকার তখনই সফল হয়, যখন দেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে পারে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।