
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ১০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ রুটে মোট ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন ২২ হাজার ৭২১ জন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৮২টি ছিল সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৫টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ট্রানজিটের ৭৭টি ফ্লাইটও বাতিল হয়েছে। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।
বেবিচকের এই কর্মকর্তা জানান, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত থাকতে পারে। ফলে ঢাকা-রিয়াদ রুটের যাত্রীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।