
রাজধানীর কাফরুলে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর-১৩ এলাকায় স্টাফ কলেজের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সড়কে পার্ক করে রাখা আলিফ পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের দোকানিরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, সোমবার রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে পার্ক করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে পার্ক করে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।