
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টাইন। আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে থাকবেন ৫২ বছর বয়সী এই কোচ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে খেলেছেন বেনকেনস্টাইন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রান প্রায় ১৬ হাজার। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
কোচ হিসেবেও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন বেনকেনস্টাইন। এ ছাড়া ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের সঙ্গে কাজ করেছেন। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার একাধিক ফ্র্যাঞ্চাইজি দলের কোচিংয়েও যুক্ত ছিলেন সাবেক এই ক্রিকেটার।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম বহরে ১৩ জন ক্রিকেটার ও প্রধান কোচসহ মোট ১৬ সদস্য রওনা হবেন। দলের বাকি সদস্যরা যাবেন ১১ নভেম্বর।
সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।