1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
উখিয়ায় নলকূপ থেকে বের হওয়া গ্যাসে ১৫ দিন ধরে আগুন, নিয়ন্ত্রণের পরিকল্পনা বাপেক্সের ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ ফিলিং স্টেশনের কর্মচারী, মোটরসাইকেল উদ্ধার ‘রামায়ণ’-এ মন্দোদরীর সাজে কাজল আগরওয়াল, প্রশংসায় ভক্তরা নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল ছাত্রলীগ ফিরলে ক্ষতিগ্রস্ত না হওয়ার লক্ষ্যেই শিবিরের নীরব ভূমিকা: নাছির উদ্দীন নাছির শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ার পথে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন প্রশাসনে তিন সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন আরও একজন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আজ মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে এবারের কপ-৩১ সম্মেলন। প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের বাইরে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করার কাজ চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পররাষ্ট্র সচিব বলেন, এসব কর্মসূচি বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, এমন একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। এতে দুই দেশের সামগ্রিক সহযোগিতা ও বৃহত্তর সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে এ ধরনের সৌজন্য সাক্ষাতে সুনির্দিষ্ট প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।

জাপানি কনসোর্টিয়ামের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার ক্ষেত্রে তুর্কি কোম্পানি ‘চেলেবি’র আগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের বৈঠকে নির্দিষ্ট প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা কম।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি ও লোকসানের বিপরীতে ক্ষতিপূরণের বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিভিন্ন প্রাক্কলন তুলে ধরে। এর মাধ্যমে দেশের পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা তৈরি এবং সহযোগিতা পাওয়ার সুযোগ বাড়ে।

সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন বলে জানান সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দিক থেকে দেশটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি। এ কারণে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। পাশাপাশি অভিযোজন খাতে অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও বাংলাদেশের গুরুত্বপূর্ণ দাবি।

সম্মেলনে বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্য তুলে ধরবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে বিনিময় করবে।

সম্মেলনের ‘গ্রিন জোন’-এ একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হবে। এ ছাড়া সম্মেলনের সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচারসংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ‘ব্লু জোন’-এ দুটি পার্শ্ববৈঠকের আয়োজন করবে। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের ও বিভিন্ন জনগোষ্ঠীর লিঙ্গভিত্তিক ঝুঁকির বিষয়টি তুলে ধরা হবে। অন্যটিতে কৃত্রিম পলিমারভিত্তিক পণ্যের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা এবং এ খাতের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পররাষ্ট্র সচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকারবিষয়ক) এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page